মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

নারী আসনে উপনির্বাচন: ঋণখেলাপিদের তথ্য চাইল ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০২:১৪ পিএম

শেয়ার করুন:

নারী আসনে উপনির্বাচন: ঋণখেলাপিদের তথ্য চাইল ইসি
নির্বাচন কমিশন ভবন। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির শীর্ষ নেতৃত্বের নির্দেশে দলটির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির ছেড়ে দেওয়া নারী আসনের উপনির্বাচনকে সামনে রেখে ঋণখেলাপিদের তথ্য চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ইসির জনসংযোগ পরিচালক মো. আব্দুল মমিন সরকার বিষয়টি নিশ্চিত করেন।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা আসন-২৩-এর সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের ঋণখেলাপ-সংক্রান্ত তথ্য সংগ্রহ ও যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, জাতীয় সংসদের সাধারণ আসনের নির্বাচনের মতো সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনেও ঋণখেলাপিরা যাতে অংশ নিতে না পারেন, তা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর সংশ্লিষ্ট বিধান এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ২০২৫ সালের ২৯ ডিসেম্বর জারি করা নির্দেশনা অনুসরণ করতে হবে।

নির্বাচন কমিশনের জারি করা তফসিল অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র দাখিলকারীদের নাম, পিতা-মাতা বা স্বামীর নামসহ প্রয়োজনীয় তথ্য বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানগুলো রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে সংগ্রহ করবে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের নির্ধারিত সময়সীমার আগেই ঋণখেলাপ-সংক্রান্ত তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছে সরবরাহ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে বলা হয়েছে।

এমএইচএইচ/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর