মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল গ্যারেজ মেকানিকের

ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৬ এএম

শেয়ার করুন:

যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল গ্যারেজ মেকানিকের

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় গাড়ির ধাক্কায় ফালু মিয়া (৪৬) নামে এক গ্যারেজ মেকানিক নিহত হয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর গাড়িটি নিয়ে পালিয়ে যান চালক।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ফালু মিয়া কাজ শেষে বাসায় ফিরছিলেন। এ সময় কোনাপাড়ায় মোল্লা কলেজের কাছের সড়কে একটি গাড়ি সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

নিহতের স্বজন রতন জানান, ফালু মিয়া রাজধানীর পূর্ব কদমতলী এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবার নাম আব্দুল মতিন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সজিবুর রহমান জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ কোনাপাড়ায় মোল্লা কলেজের সামনের সড়কে গিয়ে ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পায়। পরে দ্রুক উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই সজিবুর আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, কাজ শেষে পায়ে হেঁটে বাসায় ফেরার সময় একটি গাড়ি ফালু মিয়াকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘাতক গাড়িটি শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এমএমআর/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর