সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পিএম

শেয়ার করুন:

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ
মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। 

সোমবার (১২ অক্টোবর) বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল-এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

মহাপরিচালক হিসেবে ২ বছর ১০ দিন দায়িত্ব পালন শেষে ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করেছেন।

নবনিযুক্ত মহাপরিচালককে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের জলসিঁড়ি ফায়ার স্টেশনে গাছের চারা রোপণ করেন বিদায়ী মহাপরিচালক। এ সময় অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর সকাল ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে ‘মহাপরিচালকের বিদায়ী দরবার’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী মহাপরিচালক ও নবনিযুক্ত মহাপরিচালক, অধিদফতরের পরিচালকবৃন্দ, প্রকল্প পরিচালক, কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ এবং অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ সরাসরি উপস্থিত ছিলেন।

এ ছাড়া দেশের বিভিন্ন বিভাগ ও জেলা থেকে বিভাগীয় উপপরিচালক ও সহকারী পরিচালকগণসহ বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারীগণ অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হন।

Firefighter1

দুপুরে অধিদফতরের সম্মেলন কক্ষে ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী মহাপরিচালক-এর কর্মজীবন থেকে স্মৃতিচারণা করে কর্মকর্তারা বক্তব্য দেন। বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল তার বক্তব্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে দায়িত্ব পালনকালীন বিভিন্ন অভিজ্ঞতা ও স্মৃতি তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে বিদায়ী মহাপরিচালক তার দফতরে নবনিযুক্ত মহাপরিচালকের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন। দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তিনি অধিদফতরের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর ত্যাগ করেন।

দায়িত্ব গ্রহণের পর বিকেলে নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন।

এ সময় তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন। জনগণের জানমালের সুরক্ষা, অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্ঘটনা ও দুর্যোগে দ্রুত সাড়া প্রদান এবং উদ্ধার কার্যক্রমে পেশাগত দক্ষতা ও সমন্বয় বৃদ্ধির বিষয়ে তার প্রত্যাশা তুলে ধরেন এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় জনসেবার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক হিসেবে নিয়োগ এবং ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন সংক্রান্ত আদেশ জারি করা হয়।

এমআইকে/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর