রাজধানীর টিকাটুলীতে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় রিনা রানী ঘোষ (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে টিকাটুলী ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দোয়েল পরিবহনের একটি বাস জব্দ করেছে পুলিশ। পাশাপাশি বাসটির চালককে আটক করা হয়েছে।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আবু বক্কর জানান, দুপুরে টিকাটুলী ওভারব্রিজের নিচ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন রিনা রানী। এ সময় দোয়েল পরিবহন ও বন্ধন পরিবহনের দুটি বাসের মধ্যে ওভারটেকিংয়ের ঘটনা ঘটে। তখন একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর দোয়েল পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহত রিনা রানী ঘোষের স্বামী বিশ্বজিত ঘোষ জানান, তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামে। বর্তমানে তারা দুই ছেলেকে নিয়ে রাজধানীর ওয়ারী থানার কে এম দাস লেনের স্বামীবাগ এলাকায় বসবাস করেন।
বিশ্বজিত ঘোষ ঠাটারী বাজারে মাছ কাটার কাজ করেন। আর রিনা রানী বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। তাদের ছোট ছেলে পিথু ঘোষ নবাবপুরের একটি স্কুলে পড়াশোনা করে।
তিনি জানান, সোমবার ছেলেকে স্কুলে দিয়ে বাসায় ফেরার পথে টিকাটুলী এলাকায় রাস্তা পার হচ্ছিলেন রিনা রানী। এ সময় বেপরোয়া গতির বাসচাপায় তার মৃত্যু হয়।
এমএমআর/এফএ




