কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনকে ধর্ষণের পর হত্যার ঘটনা তুলে ধরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিন দিন ধরে একটি মেয়ে নিখোঁজ থাকার পরও তার বাবা-মায়ের মধ্যে স্বাভাবিক যে উদ্বেগ থাকার কথা, তা তিনি লক্ষ্য করেননি। এ ঘটনাকে সমাজের দায়িত্ববোধ ও মানসিকতার সংকটের প্রতিফলন হিসেবে উল্লেখ করে কন্যাশিশুর নিরাপত্তায় পরিবার ও সমাজকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমিতে ‘আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন গত ৫ অক্টোবর নিখোঁজ হয়। তিন দিন পর গত ৮ অক্টোবর সকালে জেলার লালমাই উপজেলার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে এক সিএনজি চালক ধর্ষণের পর হত্যা করে বলে জানিয়েছে পুলিশ। তাজমিনের বাবা আব্দুল আলিম যশোর সদর উপজেলার বাসিন্দা এবং রেনেটা ওষুধ কোম্পানির কুমিল্লা অঞ্চলে কর্মরত। পরিবারটি কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় ভাড়া বাসায় থাকত। এ ঘটনায় তাজমিনের বাবা বাদী হয়ে লালমাই থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি ও পরিবর্তন দৃশ্যমান হলেও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এখনো ঘাটতি রয়েছে। একটি শিশু নিখোঁজ হলে পরিবারের সদস্যদের দ্রুত সজাগ হওয়া, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসা জরুরি। এ ক্ষেত্রে অবহেলা শিশুদের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
আরও পড়ুন
ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয় তাজমিনকে: পুলিশ
কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে দায় স্বীকার অটোচালক সুমনের
কন্যাশিশুর প্রতি পরিবারের দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সন্তানদের চলাফেরা, নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতির বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। একই সঙ্গে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
স্কুলগামী মেয়েদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, মেয়েদের নিরাপত্তার কথা ভেবে অনেক মা স্কুলের বাইরে ফুটপাতে কাগজ বিছিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন। এ চিত্র কন্যাশিশুদের নিরাপদ চলাচল নিশ্চিত করার ক্ষেত্রে বিদ্যমান সীমাবদ্ধতার কথা তুলে ধরে।
নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির মতো অপরাধ প্রতিরোধে দ্রুত তদন্ত, কার্যকর বিচার এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার ওপর জোর দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে এসব সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়; এ জন্য মানুষের দৃষ্টিভঙ্গি, সামাজিক মূল্যবোধ ও মানসিকতার পরিবর্তনও প্রয়োজন। নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সমাজের সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জেবি




