সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

বাসসের নতুন চেয়ারম্যান আবদুল হাই শিকদার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পিএম

শেয়ার করুন:

বাসসের নতুন চেয়ারম্যান আবদুল হাই শিকদার
কবি আবদুল হাই শিকদার। ছবি: সংগৃহীত

জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন পরিচালনা বোর্ড গঠন করেছে সরকার। বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে বিশিষ্ট নজরুল গবেষক, কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে। তিনি আগের বোর্ডের চেয়ারম্যান সাংবাদিক আনোয়ার আলদীনের স্থলাভিষিক্ত হয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ৭ ও ৮ ধারা অনুযায়ী বাসসের সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিন বছর মেয়াদে নতুন পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে। প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই এ বোর্ডের কার্যক্রম শুরু হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ৬ ধারার বিধান অনুযায়ী পরিচালনা বোর্ড দায়িত্ব পালন করবে।

নতুন পরিচালনা বোর্ডে চেয়ারম্যানসহ মোট ১২ জন পরিচালক রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস), অর্থ বিভাগের অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি।

এ ছাড়া বোর্ডে রয়েছেন তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা এবং পদাধিকারবলে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক।

সাংবাদিকতা ও গণমাধ্যমসংশ্লিষ্ট সদস্যদের মধ্যে রয়েছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামছুল হক জাহিদ, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, ৭১ টিভির হেড অব নিউজ মো. শাহ আজিজুর রহমান, ওএসক্লিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং বাসসের বাংলা বিভাগের প্রধান প্রতিবেদক দিদারুল আলম।

নতুন বোর্ড বাসসের ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি আইন অনুযায়ী সংস্থাটির দায়িত্ব পালনে ভূমিকা রাখবে।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর