আন্তর্জাতিক ও জাতীয় কন্যা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর শিশু একাডেমিতে অনুষ্ঠান শুরু হয়েছে।
এবারের দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’।
এর আগে রোববার (১১ অক্টোবর) আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে বাণী দেন রাষ্ট্রপতি।
বাণীতে তিনি বলেন, ‘আজকের কন্যাশিশু জাতির ভবিষ্যৎ। আগামী দিনের মানবসম্পদ এবং অফুরন্ত সম্ভাবনাময় নাগরিক। সঠিক শিক্ষা, সুস্বাস্থ্য, দক্ষতা ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে প্রত্যেক কন্যাশিশু হয়ে উঠতে পারে পরিবার, সমাজ ও দেশের জন্য অমূল্য সম্পদ।’
রাষ্ট্রপতি বলেন, ‘কন্যাশিশুর প্রতি বৈষম্য, সহিংসতা, নিরাপত্তাহীনতা ও বাল্যবিবাহের ফলে সেই অগ্রযাত্রা ব্যাহত হয়। তাই প্রতিটি কন্যাশিশুসহ দেশের সব শিশুর নিরাপদে বেড়ে ওঠার সমান সুযোগ, মানসম্মত শিক্ষা, সুস্বাস্থ্য ও নিজস্ব প্রতিভা বিকাশের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি শিশু বিয়ে রোধ করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।’
বর্তমান সরকারকে নারী ও কন্যাশিশুবান্ধব বর্ণনা করে তিনি বলেন, ‘শিশু বিয়ে বন্ধে বাল্যবিবাহ নিরোধ কমিটিগুলো পুনর্গঠন করা হচ্ছে। দেশব্যাপী কিশোর-কিশোরী ক্লাবের সংখ্যা বৃদ্ধি ও আরও সক্রিয় করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কন্যাশিশুর অধিকার নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার ও সমাজের ইতিবাচক ভূমিকা অপরিহার্য। তাই বাল্যবিবাহ, শিশু নির্যাতন ও সহিংসতা প্রতিরোধসহ কন্যাশিশুর প্রতি সব ধরনের বৈষম্য নিরসনে সামাজিক সচেতনতা বাড়াতে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার জন্য আমি আহ্বান জানাই।’
কন্যাশিশুর যথাযথ বিকাশ নিশ্চিত করতে এবং তাদের প্রতি সম্মান, সমতা ও সহমর্মিতার পরিবেশ তৈরিতে পারিবারিক শিক্ষা ও মূল্যবোধের বিকল্প নেই বলেও বর্ণনা করেন রাষ্ট্রপতি। কন্যাশিশুর মতামতের গুরুত্ব দেওয়ার পাশাপাশি তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার তাগিদও দেন তিনি।
এএইচ



