রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সাধারণ ছুটি ঘোষণা করতে ইসির চিঠি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সাধারণ ছুটি ঘোষণা করতে ইসির চিঠি
নির্বাচন কমিশন ভবন। ফাইল ছবি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে আগামী ২৯ অক্টোবর ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণা করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১১ অক্টোবর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, আগামী ২৯ অক্টোবর ত্রয়োদশ জাতীয় সংসদের ৩ ঠাকুরগাঁও-১ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন নির্বাচনি এলাকার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/ কর্মচারীগণ কর্তৃক স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।

চিঠিতে আরও বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ৩ ঠাকুরগাঁও-১ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ ২৯ অক্টোবর বৃহস্পতিবার সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনে আগামী ২৯ অক্টোবর সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। তার আগে ২৭ অক্টোবর সকাল ৮ টা পর্যন্ত চলবে প্রচারণা। 

এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচজন প্রার্থীরা হলেন- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ২০ আগস্ট তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে আসনটি শূন্য হয়।

এমএইচএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর