আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের আগে ও পরে মোট তিন দিন নির্বাচন পর্যবেক্ষণ করবেন নির্বাচন কমিশনের (ইসি) ২৬ জন কর্মকর্তা। এ বিষয়ে ইতিমধ্যে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে।
রোববার (১১ অক্টোবর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের শূন্য পদে উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন এবং প্রতিটি ভোটকেন্দ্রের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের লক্ষ্যে এ নির্দেশনা দিয়েছে কমিশন।
এতে বলা হয়েছে, ভোটগ্রহণের আগের দিন থেকে পরের দিন পর্যন্ত তিন দিনের জন্য রংপুর অঞ্চলের আওতাধীন নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে পর্যবেক্ষক নিয়োগ দিতে হবে। এ ক্ষেত্রে ঠাকুরগাঁও-১ নির্বাচনি এলাকার ঠাকুরগাঁও পৌরসভার প্রতি তিনটি ওয়ার্ডের জন্য একজন এবং প্রতিটি ইউনিয়নের জন্য একজন করে মোট ২৬ জন পর্যবেক্ষক নিয়োগ করতে হবে।
পর্যবেক্ষকদের দায়িত্ব সম্পর্কে চিঠিতে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত পর্যবেক্ষকদের ২৮ অক্টোবর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে রিপোর্ট করতে হবে। রিটার্নিং কর্মকর্তা ওই দিনই পর্যবেক্ষকদের এলাকা বণ্টন করবেন এবং এ-সংক্রান্ত তালিকা নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাবেন। পর্যবেক্ষকেরা তাঁদের নির্ধারিত এলাকায় অবস্থান করে নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
চিঠিতে আরও বলা হয়েছে, পর্যবেক্ষণকালে আইন ও বিধি অনুযায়ী কোনো অনিয়ম বা ত্রুটি-বিচ্যুতি নজরে এলে তাৎক্ষণিকভাবে টেলিফোন বা মুঠোফোনে এবং প্রয়োজনে লিখিতভাবে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বা অতিরিক্ত সচিব এবং সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে জানাতে হবে। অনিয়মের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া, জাল ভোট এবং অবৈধ প্রভাব বিস্তারের চেষ্টার মতো বিষয় উল্লেখ করা হয়েছে।
পর্যবেক্ষণ শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে তা অতিরিক্ত কাগজে লিপিবদ্ধ করে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে জমা দিতে হবে।
চিঠিতে নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনের জন্য পর্যবেক্ষক নিয়োগের অনুরোধ জানানো হয়েছে।
এমএইচএইচ/এআর




