রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

রিয়াদে আহত আরও ৪ বাংলাদেশি আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পিএম

শেয়ার করুন:

রিয়াদে আহত আরও ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও চার বাংলাদেশি রিয়াদের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, ‘সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চার বাংলাদে‌শি আহত হয়েছেন, তারা সৌ‌দির কিং খালেদ হাসপাতালের আইসিইউতে আছেন।’

প্রতিমন্ত্রী আরও জানান, ‘আহতদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছে বাংলাদেশ দূতাবাস। আর যারা নিহত হয়েছেন তাদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনার উদ্যোগ নিচ্ছে সরকার।’

হুতিদের এই হামলায় বাংলাদেশি কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি বলেও জানান শামা ওবায়েদ।

এর আগে শনিবার (১০ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠী হামলা চালায়। এতে ১২ জন নিহত হন, যাদের মধ্যে দুজন বাংলাদেশি। এছাড়া হামলায় বাংলাদেশিসহ আহত হন আরও অন্তত ৩০৯ জন।

S

এদিন হুতিদের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি রিয়াদে বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেন। তার দাবি, ইয়েমেনে সৌদি হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে। সৌদি হামলায় বেসামরিক অবকাঠামোও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

চলতি সপ্তাহে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে এটি তৃতীয় হামলা। এ হামলার পর বিমানবন্দরের নিয়মিত কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সব ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

খালিজ টাইমসের প্রতিবেদন বলছে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা ১২ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ)। রোববার ও সোমবার মিলিয়ে ৬ শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। 

এদিকে শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে সংস্থাটি। এ ক্ষেত্রে ‘অনিবার্য পরিচালনগত কারণ’-এর কথা উল্লেখ করা হয়।

বিমান জানায়, রিয়াদে তাদের নির্ধারিত ফ্লাইট বিজি-৩৩৯ এবং বিজি-৩৪০ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। এই ফ্লাইটগুলোর যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। 

তারা জানায়, বিমান কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যালোচনা করছে এবং ফ্লাইটগুলোর সময়সূচি পরিবর্তন বা বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য আগামীকাল, ১১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর