রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরবর্তী আলীরঘাট থেকে বিপুল পরিমাণ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকার লালবাগের বুড়িগঙ্গা নদী তীরবর্তী আলীরঘাট সংলগ্ন এলাকায় আজ ভোর সাড়ে ৪ টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালীন সেই এলাকায় একটি পলিথিন তৈরির কারখানা তল্লাশী করে প্রায় ৬৬ লাখ টাকা মূল্যের ১ হাজার ৬৩২ কেজি নিষিদ্ধ পলিথিন ও ২ হাজার ৭৬৮ কেজি পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়। এসময় প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, জব্দকৃত পলিথিন ও কাঁচামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদফতর ঢাকা মহানগরের কাছে হস্তান্তর করা হয়। পরিবেশ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
এমআইকে/এএইচ



