শাহজালালে বিমানের জরুরি অবতরণের ঘটনায় দুঃখ প্রকাশ
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণের ঘটনায় দুঃখপ্রকাশ করেছে কর্তৃপক্ষ। জরুরি অবতরণের কারণও জানিয়েছে।
কর্তৃপক্ষের দাবি, যান্ত্রিক ত্রুটির কারণে এই সমস্যা হয়। তবে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে। ফ্লাইট দেরি হওয়ায় এ ঘটনায় তারা যাত্রীদের দুঃখ প্রকাশ করেছেন।
শনিনার (১০ অক্টোবর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলাচলকারী ফ্লাইটটি (বিজি ৪৩৬) আজ বিকেল ৫ টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।
বিমান কতৃপক্ষের দাবি, অনিবার্য অপারেশনাল ও কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটটি সময়সূচিতে কিছুটা বিলম্বিত হয়েছিল। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কর্মতৎপরতায় ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে এবং সব যাত্রী ও ক্রু সদস্য কোনো সমস্যা ছাড়াই নিরাপদে পৌঁছাতে পেরেছেন।
বিলম্বের কারণে যাত্রীদের যে অসুবিধা হয়েছে তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং যাত্রী নিরাপত্তা ও অপারেশনাল মান বজায় রাখতে তাদের সর্বোচ্চ প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্তও করছে।
এমআইকে/এএইচ




