বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

৪৯তম বিশেষ বিসিএসের ৬৫১ জনকে প্রভাষক পদে নিয়োগ, যোগদান ১২ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পিএম

শেয়ার করুন:

৪৯তম বিশেষ বিসিএসের ৬৫১ জনকে প্রভাষক পদে নিয়োগ, যোগদান ১২ অক্টোবর
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)।

৪৯তম (বিশেষ) বিসিএসে ৬৫১ জনকে নবম গ্রেডে প্রভাষক পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্তদের যোগদানের সময় ও আবাসিক ওরিয়েন্টেশন প্রশিক্ষণের সময়সূচিও জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ১২ অক্টোবর পূর্বাহ্নে সশরীরে উপস্থিত হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে। যোগদানের স্থান নির্ধারণ করা হয়েছে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর ও ৫ অক্টোবর জারি করা দুটি প্রজ্ঞাপনে নিয়োগ পাওয়া ৬১১ জন ও ৪০ জনসহ মোট ৬৫১ জনকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী তাদের বেতনক্রম হবে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা। প্রচলিত সরকারি বিধি-বিধানের আলোকে নির্ধারিত শর্তে তাদের এ নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এ প্রশিক্ষণ শেষে চাকরির সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত পেশাগত ও বিশেষায়িত প্রশিক্ষণ নিতে হবে।

এ ছাড়া নিয়োগপ্রাপ্তদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। প্রয়োজন হলে সরকার এ শিক্ষানবিশকাল অনধিক আরও দুই বছর বাড়াতে পারবে। শিক্ষানবিশকালে কোনো প্রার্থীকে চাকরিতে বহাল থাকার অনুপযোগী বিবেচনা করা হলে কারণ দর্শানো ছাড়াই এবং সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ না করেই তাকে চাকরি থেকে অপসারণ করা যাবে।

বুনিয়াদি ও পেশাগত প্রশিক্ষণ সফলভাবে শেষ করা, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে শেষ করার পর সংশ্লিষ্টদের চাকরিতে স্থায়ী করা হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রশিক্ষণে যাওয়ার আগে কর্মস্থল থেকে অব্যাহতি প্রদানকারী কর্তৃপক্ষের কাছে অঙ্গীকারনামা দিতে হবে। পাশাপাশি একজন জামানতদারসহ ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড সম্পাদন করতে হবে। শিক্ষানবিশকালে অথবা শিক্ষানবিশকাল শেষ হওয়ার তিন বছরের মধ্যে চাকরি থেকে ইস্তফা দিলে প্রশিক্ষণকালীন বেতন-ভাতা, প্রশিক্ষণের জন্য নেওয়া অগ্রিম, ভ্রমণভাতা ও অন্যান্য ভাতাসহ প্রশিক্ষণের পেছনে সরকারের ব্যয় করা অর্থ ফেরত দিতে হবে।

চাকরি থেকে ইস্তফা দেওয়ার ক্ষেত্রে সরকার তা গ্রহণের আগে দায়িত্বে অনুপস্থিত থাকলে সরকারি পাওনা The Public Demands Recovery Act, 1913-এর বিধান অনুযায়ী আদায় করা হবে। একই সঙ্গে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর ফলাফলের ভিত্তিতে প্রচলিত সরকারি বিধি-বিধান অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে।

নিয়োগপ্রাপ্ত ৬৫১ জনকে আগামী ১২ অক্টোবর সশরীরে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ায় উপস্থিত হয়ে প্রভাষক পদে যোগদানপত্র দাখিল করতে হবে। একই স্থানে ১২ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত আট দিনব্যাপী আবাসিক ওরিয়েন্টেশন প্রশিক্ষণে অংশ নিতে হবে।

নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগদানে সম্মত নন বলে গণ্য হবেন এবং তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এম/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর