বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তাঁদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
এ তথ্য জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আবরার ফাহাদের পরিবারের কাছ থেকে সার্বিক বিষয় শুনবেন এবং বিচার প্রক্রিয়ায় সরকারের দিক থেকে যতটুকু সহযোগিতা করা যায়, সে বিষয়ে আলোচনা করবেন।
এদিকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরার পর প্রথমবারের মতো এই পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরিবারের সদস্যদের সমস্যা, সুবিধা-অসুবিধার কথা শুনবেন।
প্রয়োজনে প্রধানমন্ত্রী আবরার ফাহাদের পরিবারের পাশে দাঁড়াবেন বলেও জানিয়েছেন নাসির উদ্দিন নাসির।
উল্লেখ্য, আবরার ফাহাদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে আববারকে হলের একটি কক্ষে ডেকে নেওয়া হয়। এরপর ফেসবুকে দেওয়া তাঁর একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে মারধর করা হয়। একপর্যায়ে নির্যাতনের শিকার হয়ে সেখানেই তিনি মারা যান।




