বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আগে জাতীয় প্রেসক্লাবের প্রয়াত ২৩ সদস্যকে স্মরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পিএম

শেয়ার করুন:

৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আগে জাতীয় প্রেসক্লাবের প্রয়াত ২৩ সদস্যকে স্মরণ
জাতীয় প্রেসক্লাবের প্রয়াত ২৩ সদস্যদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ। ছবি- সংগৃহীত

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে বিগত এক বছরে প্রয়াত ২৩ সদস্যকে স্মরণ করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে তাদের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রয়াত সদস্যদের কর্ম ও সাংবাদিকতায় তাদের অবদানের কথা তুলে ধরে স্মৃতিচারণ করেন প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক নেতারা। শুরুতে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রানা এবং ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ অন্যরা।

সভায় বক্তারা বলেন, প্রয়াত সদস্যদের অনেকেই দেশের সাংবাদিকতা ও গণমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাদের মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের পাশাপাশি দেশের সাংবাদিকতা অঙ্গনেও অপূরণীয় ক্ষতি হয়েছে।

আবদুল হাই শিকদার বলেন, প্রয়াত সদস্যদের অনেকে সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীল অবদান রেখেছেন। তাদের কর্ম ও আদর্শ তরুণ প্রজন্মের সাংবাদিকদের অনুপ্রাণিত করবে।

কাদের গনি চৌধুরী বলেন, প্রয়াত সদস্যদের লেখনী দেশের সংবাদমাধ্যমকে সমৃদ্ধ করেছে। তাদের অনেকে জাতীয় প্রেসক্লাবকে দ্বিতীয় বাড়ি হিসেবে গ্রহণ করেছিলেন। ক্লাব পরিচালনাতেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

খুরশীদ আলম বলেন, প্রয়াত সদস্যদের অনেকে শুধু সাংবাদিকতা নয়, দেশের ইতিহাস ও সংস্কৃতিতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তরুণ সাংবাদিকদের তাদের কাছ থেকে শেখার অনেক কিছু ছিল।

সভাপতির বক্তব্যে হাসান হাফিজ বলেন, সাংবাদিকতা পেশার মর্যাদা বৃদ্ধি ও ধারাবাহিক চর্চায় প্রয়াত সাংবাদিকদের অনেকেই অগ্রসৈনিক ছিলেন। তাদের অবদান প্রেসক্লাব কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। প্রয়াত সদস্যদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানান।

১৮ অক্টোবর ২০২৫ থেকে ২ অক্টোবর ২০২৬ পর্যন্ত সময়ে প্রয়াত ২৩ সদস্য হলেন- নিখিল মানখিন, আখতার হোসেন মাসুদ, আবদুল হালিম চৌধুরী, ইব্রাহিম আজাদ, প্রশান্ত ঘোষাল, জাকারিয়া কাজল, আলী মামুদ, সালিম সামাদ, ড. আর এম দেবনাথ, খন্দকার গোলাম আজাদ, এ এস এম হাবিবুল্লাহ, গোলাম কিবরিয়া, তালুকদার হারুন, কবি আল মুজাহিদী, শাহেদ কামাল, মোহাম্মদ শাহজাহান, মৃণাল কৃষ্ণ রায়, নূরুল হাসান খান, রফিক উল্লাহ শিকদার, খালেদ হায়দার, কাজিম রেজা, আমিরুল মোমেনীন ও তৌফিক ইমরোজ খালিদী।

আলোচনা শেষে জাতীয় প্রেসক্লাবের পেশ ইমাম মাওলানা মনিরুজ্জামানের পরিচালনায় প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

আগামী ২০ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ১৭ অক্টোবর থেকে বিভিন্ন অনুষ্ঠানমালা শুরু হবে।

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর