বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

শেখ হাসিনার ফেরা নিয়ে ভাইরাল অডিওটি সাবেক ওসি রাকিবুলেরই: ডিবিপ্রধান

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২২ পিএম

শেয়ার করুন:

শেখ হাসিনার ফেরা নিয়ে ভাইরাল অডিওটি সাবেক ওসি রাকিবুলেরই: ডিবিপ্রধান
ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ভাইরাল হওয়া অডিও’তে যে কণ্ঠ শোনা গেছে, সেটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামের। সিআইডিতে ভয়েস পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

বুধবার (৭ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ডিবি প্রধান বলেন, ভাইরাল হওয়া কথোপকথনটি সাবেক ওসি রাকিবুল ইসলামের কণ্ঠে ধারণ করা হয়েছে। এটি অন্য কোনোভাবে তৈরি বা কৃত্রিমভাবে বানানো হয়নি।

"তিনি আরও বলেন, প্রাথমিকভাবে তাঁর যে কথোপকথন যেটা ভাইরাল হয়েছিল- সেটা তাঁকে রিমান্ডে নিয়ে এসে ভয়েস টেস্ট করে নিশ্চিত হওয়া গেছে যে, এটা তাঁর ভয়েস। তাঁর কণ্ঠস্বরই রেকর্ড করা হয়েছে; এটা অন্য কোনোভাবে বানানো হয়নি। এর পেছনে কী আছে, কোন পরিপ্রেক্ষিতে সে আলাপ-আলোচনা করেছে, কোথায় করেছে, কার সঙ্গে করেছে- এগুলো আমরা তদন্ত করতেছি।

ভয়েস পরীক্ষা কীভাবে করা হয়েছে জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, ভয়েস আমরা কোর্টের পারমিশনে নিয়েছি। এরপর সিআইডি থেকে পরীক্ষা করে নিশ্চিত হয়েছি।

সাবেক ওসি রাকিবুল ইসলাম কোনো তথ্য পাচার করেছেন কি না কিংবা কারও সঙ্গে তথ্য শেয়ার করেছেন কি না- এমন প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, এটা তদন্তাধীন বিষয়। এটা আসলে একটা কনক্লুশনে না গেলে বলা যাবে না। অন্য যে প্রশ্নগুলো আছে, সে বিষয়ে আমরা তদন্ত করব।

তবে ওই কথোপকথন কোন পরিস্থিতিতে, কোথায় এবং কার সঙ্গে হয়েছিল?- এসব বিষয় এখনো তদন্তাধীন বলে জানিয়েছেন ডিবি প্রধান।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর রাজারবাগ এলাকা থেকে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তাকে দুই দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

গত ২৭ সেপ্টেম্বর সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

এদিকে রাকিবুল ইসলামের কণ্ঠে ধারণ করা ভাইরাল ওই অডিও নিয়ে এরই মধ্যে বিভিন্ন আলোচনা তৈরি হয়েছে। তবে অডিওতে বলা কথাগুলোর পেছনের প্রেক্ষাপট, কথোপকথনে কারা ছিলেন এবং এর সঙ্গে কোনো তথ্য পাচারের বিষয় জড়িত কি না, এসব বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাবে না বলে জানিয়েছে ডিবি।

ভাইরাল অডিওতে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে রাকিবুল ইসলামকে বলতে শোনা যায়, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না। একই কথোপকথনে তিনি বলেন, রাস্তার পুলিশ কত দুর্বল, তাই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তার দেশে আসা উচিত।

অডিওতে তাঁকে আরও বলতে শোনা যায়, পুলিশ কিছুই করতে পারবে না।

এমআইকে/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর