পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং সিস্টেমের কারিগরি সহায়তা চায় নেপাল নির্বাচন কমিশন।
বুধবার (৭ অক্টোবর) পোস্টাল ভোটিং সিস্টেম নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের বৈঠক শেষে নেপালের নির্বাচন কমিশনার ড. রাজিব সুব্বা আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা পোস্টাল ভোটিং শুরু করতে চাই আমাদের দেশে। প্রবাসী যারা জাতীয় জিডিপিতে অবদান রাখে তাদের অন্তর্ভুক্ত করতে চাই নির্বাচনে।
তিনি আরও বলেন, বাংলাদেশের জন্যও কাজটা কঠিন ছিল। তবে তারা সফলভাবে কাজটা করেছে। আমরাও বিবেচনা করছি কোন পদ্ধতিতে আগানো যায়। তবে বাংলাদেশের থেকে কারিগরি সহায়তা পেলে আমরা সম্মানিত বোধ করবো।
ড. রাজিব সুব্বা বলেছেন, আমাদের জন্য চ্যালেঞ্জ হতে পারে ভোটার সচেতনতা। ২০ থেকে ৪০ মিলিয়ন প্রবাসী ভোটার আছে নেপালে।
এর আগে বেলা ১১টায় বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনে বৈঠক বসেন নেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধি দল।
এদলে ছিলেন, নেপালের নির্বাচন কমিশনার ড. জনকী কুমারী তালুকদার ও ড. রাজীব সুব্বা, সেক্রেটারি কৃষ্ণা প্রসাদ কাপরি, সিনিয়র কম্পিউটার অফিসার অনুপ নৌপানে, ডেপুটি অ্যাটর্নী কমলা কাফলে ও ইউএনডিপি’র প্রতিনিধি প্রভাত কুমারসহ আরও অনেকে।
এমএইচএইচ/এআরএম




