ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ আজ বুধবার (৭ অক্টোবর)। এদিন অফিস চলাকালীন রিটার্নিং কর্মকর্তার কাছে ইচ্ছুক প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করে নিতে পারবেন।
নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ছিল গত ৪ অক্টোবর পর্যন্ত এবং আপিল শুনানির সময় ছিল ৬ অক্টোবর পর্যন্ত। আর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৭ অক্টোবর পর্যন্ত। প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর এবং ভোটগ্রহণ ২৯ অক্টোবর।
ইসি কর্মকর্তারা জানান, আপিল না করায় বৈধ প্রার্থী ছয়জন বহাল আছেন। তবে এদের মধ্যে কেউ চাইলে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন আজ।
ইসির জনসংযোগ পরিচালক মো. আব্দুল মমিন সরকার জানিয়েছেন, ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ছয়জনের সকলের মনোনয়নপত্রই রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বৈধ হয়েছে।
বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির ওবায়দুল্লাহ্ মো. ওবায়দুল্লাহ্ মাসুদ ও মির্জা ফয়সল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলোওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
তবে এই ছয় প্রার্থীর মধ্যে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বিএনপি নেতা মো. ওবায়দুল্লাহ মাসুদ।
/এএস




