ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী। সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারির পর একই দিন নতুন দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর আগে তিনি ভূমি মন্ত্রণালয়ের ডিজিটালাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরম্যান্স এবং উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।দায়িত্ব গ্রহণের পর মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন নতুন ভারপ্রাপ্ত সচিব। সভায় তিনি ভূমি সেবা সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
সভায় মো. এমদাদুল হক চৌধুরী জানান, মাঠপর্যায়ে ভূমি-সংক্রান্ত সেবা দ্রুত ও কার্যকরভাবে প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছে দিতে আগামী তিন থেকে ছয় মাসের জন্য বিশেষ কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে। সেবার মান উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করার কথাও জানান তিনি।কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, জনস্বার্থ ও নাগরিক সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সততা, স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে কাজ করতে হবে। মাঠ প্রশাসনের প্রতিটি জনসেবামূলক কাজ দ্রুত নিষ্পত্তি করে সময়োপযোগী ও মানসম্মত সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।
উল্লেখ্য, তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯১ সালে বায়োকেমিস্ট্রি বিষয়ে স্নাতক এবং ১৯৯২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উভয় পরীক্ষায় তিনি প্রথম শ্রেণি লাভ করেন। পরে ২০০৭ সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসন ও উন্নয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।দীর্ঘ কর্মজীবনে তিনি মাঠ প্রশাসন ও কেন্দ্রীয় প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। মেহেরপুরে সহকারী কমিশনার, শেরপুরের ঝিনাইগাতীতে সহকারী কমিশনার ভূমি, নরসিংদীতে সিনিয়র সহকারী কমিশনার, কুমিল্লার নাঙ্গলকোট ও চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা নির্বাহী কর্মকর্তা, কিশোরগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক ও উপপরিচালক স্থানীয় সরকার এবং নড়াইলের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, স্থানীয় সরকার বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ও মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন।এমদাদুল হক চৌধুরী ২০২০ সালের ৫ জুন যুগ্মসচিব এবং ২০২৪ সালের ২২ এপ্রিল অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান। ২০২৪ সালের ৫ মে থেকে ২০২৬ সালের ৫ অক্টোবর পর্যন্ত তিনি ভূমি মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
কর্মজীবনে তিনি দেশে ও বিদেশে বিভিন্ন উচ্চতর ও পেশাগত প্রশিক্ষণে অংশ নিয়েছেন। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ও বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির প্রশিক্ষণের পাশাপাশি অস্ট্রেলিয়া, চীন, ভারত, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বিভিন্ন পেশাগত কোর্স সম্পন্ন করেন। তিনি বিবাহিত এবং দুই কন্যাসন্তানের জনক।এএইচ/এআর




