বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রিটেনের সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পিএম

শেয়ার করুন:

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রিটেনের সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ‘অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন বাংলাদেশ’ এর চেয়ারম্যান ও এমপি আফসানা বেগমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন শওকত আদম এমপি এবং হাউস অব লর্ডসের সদস্য লর্ড কুরবান হোসেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদারে এপিপিজির ধারাবাহিক ভূমিকার প্রশংসা করেন।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক ধারা শক্তিশালীকরণ ও গৃহীত সংস্কার উদ্যোগে যুক্তরাজ্য সরকারের সমর্থনের কথা তুলে ধরেন। যুক্তরাজ্য সংসদ, বাংলাদেশ এবং যুক্তরাজ্যে বসবাসরত ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে এপিপিজির ভূমিকা উল্লেখ করে বর্তমান অগ্রগতি ও বাস্তব চিত্র যুক্তরাজ্য সংসদে তুলে ধরতে প্রতিনিধিদলের সহায়তা কামনা করেন।

দীর্ঘায়িত রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জোর দিয়ে বলেন, এই সংকট এখন আর কেবল মানবিক উদ্বেগের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং আঞ্চলিক নিরাপত্তা ও অনিয়মিত অভিবাসনের ক্ষেত্রেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত, নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরদার সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানাই।

আগামীকাল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা উল্লেখ করে এপিপিজি প্রতিনিধিদল রোহিঙ্গা জনগোষ্ঠীর দুঃখ-দুর্দশা লাঘবে তাদের সার্বিক সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেন। তারা মিয়ানমারে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা এবং তাদের জন্য মানবিক সহায়তা বজায় রাখতে যুক্তরাজ্য সংসদসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সোচ্চার থাকার আশ্বাস দেন।

বৈঠকে সংসদীয় সহযোগিতা, পারস্পরিক অভিজ্ঞতা ও বিনিময় বৃদ্ধি ছাড়াও গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালীকরণ, বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন, দক্ষ জনশক্তি সৃষ্টি এবং মানবাধিকারসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে উভয় পক্ষ আঞ্চলিক ও বৈশ্বিক সংকট মোকাবিলায় বিভিন্ন দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় মাধ্যমে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

এসএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর