ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগের ওয়েটিং রুমের পাশেই পড়েছিল অজ্ঞাত নামা এক ব্যক্তির মরদেহ। তার বয়স আনুমানিক ৬০ বছর। মঙ্গলবার (০৬ অক্টোবর) সকাল সোয়া নয়টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের জরুরী বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। পরে আমরা বিষয়টি ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জকে জানাই।
এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ‘নিহত ওই ব্যক্তির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা এখনো তার নাম–পরিচয় জানতে পারিনি।’
হাবিবুর রহমান আরও বলেন, ‘প্রযুক্তির সহায়তায় তার নাম–পরিচয় জানার চেষ্টা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’
এমএমআর/এআরএম




