বাংলাদেশিরা কানাডার অর্থনীতি ও সমাজে নানা বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং।
সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনে তিনি এ কথা বলেন।
কানাডা ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে অজিত সিং বলেন, বাংলাদেশের স্বাধীনতার সূচনা থেকেই দুই দেশের মধ্যে একটি গভীর ও সুদৃঢ় সম্পর্ক বজায় রয়েছে। কানাডা বাংলাদেশকে এখন পর্যন্ত ৬.৩ বিলিয়ন কানাডিয়ান ডলারেরও বেশি আন্তর্জাতিক সহায়তা প্রদান করতে পেরে গর্বিত। কানাডায় বর্তমানে এক লাখেরও বেশি বাংলাদেশি বাস করছেন, যারা দেশটির অর্থনীতি ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
তিনি আরও বলেন, বিশ্বজুড়ে নানা বৈশ্বিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ২০২৫ সালে বাংলাদেশ ও কানাডার মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি পেয়ে ৪ বিলিয়ন কানাডিয়ান ডলার ছাড়িয়েছে, যা পূর্বের তুলনায় ২৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
এ সময় কানাডিয়ান হাইকমিশনার দুই দেশের সম্পর্ককে কেবল দাতাসুলভ উন্নয়নমূলক সহযোগিতার গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে আরও বিস্তৃত ও কৌশলগত অংশীদারত্বে রূপ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কৃষি, খাদ্য নিরাপত্তা, প্রযুক্তি, জ্বালানি, জলবায়ু পরিবর্তন, শিক্ষা এবং ডিজিটাল উদ্ভাবনের মতো খাতগুলোতে যৌথ কাজ করার অপার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশে বাস্তবায়িত বিভিন্ন অর্থনৈতিক, বিচার বিভাগীয় ও শাসনতান্ত্রিক সংস্কারের প্রশংসা করে অজিত সিং বলেন, গণতান্ত্রিক ও অর্থনৈতিক এসব সংস্কার বাংলাদেশকে একটি টেকসই ও উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।
তিনি আরও বলেন, পরিবর্তনশীল আন্তর্জাতিক ব্যবস্থায় অর্থনৈতিক নীতি ও পররাষ্ট্রনীতির মধ্যকার সীমানা দিনে দিনে আবছা হয়ে আসছে। কানাডা এই পরিস্থিতির মুখোমুখি হয়ে নিজের বাণিজ্যকে বহুমুখী করা এবং অংশীদারত্ব জোরদার করার উদ্যোগ নিয়েছে।
এসএইচ/এফএ




