ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শনিবার ঢাকায় একটি অনুষ্ঠানে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রীর কাছে জানতে চান এক সাংবাদিক।
জবাবে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাকে ফেরত আনার ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার বিষয়টি তো রয়েছে। এর পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছাও থাকতে হবে। আসামিদের ফেরত আনার জন্য যে প্রত্যর্পণ প্রক্রিয়া চলছে, তা যেন আরও দ্রুত সম্পন্ন হয়, ভারত সরকার সেদিকে নজর দেবে বলে আমরা আশা করি।
প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অবশ্যই। চুক্তি অনুযায়ী আসামিদের ফেরত আনা সম্ভব এবং সেই প্রক্রিয়াই এগিয়ে নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর তুরস্ক সফর প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রীর তুরস্ক সফর রয়েছে। তবে কখন ও কোথায় সফর হবে, তা পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানাবে।
এআর




