জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নির্মমতার শিকার বিশ্বজিৎ দাসের নামে ‘ফ্যাসিবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দেন তিনি।
রোববার (৪ অক্টোবর) বিকালে ডিএসসিসির সংস্কার ও আধুনিকায়ন করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান আবদুস সালাম। প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে মিলনায়তনটি সংস্কার ও আধুনিকায়ন করেছে ডিএসসিসি।
অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের সৌন্দর্যবর্ধন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের ওপর দেওয়ার ঘোষণাও দেন।
তিনি বলেন, ‘সিপাহী বিপ্লবের স্মৃতিবিজড়িত বাহাদুর শাহ পার্কের মতো একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা অব্যবস্থাপনা ও অবহেলায় পড়ে থাকতে পারে না। এটি যথাযোগ্য মর্যাদায় সংরক্ষণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।’

শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ বাড়াতে ‘ধূপখোলা মাঠ’ যথাযথভাবে বরাদ্দ দেওয়ার ঘোষণাও দেন ডিএসসিসি প্রশাসক। একই সঙ্গে পুরান ঢাকাকে কেন্দ্র করে সাংস্কৃতিক কর্মকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
নাগরিক সচেতনতা তৈরিতে শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে আবদুস সালাম বলেন, ‘শিক্ষার্থীদের আচরণ সাধারণ মানুষ অনুসরণ করে। ডেঙ্গু প্রতিরোধ এবং যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধে সচেতনতা তৈরিতে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। ঢাকা শহরকে বাঁচাতে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা এবং ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএইচ/এসআই




