শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

ট্যুরিস্ট পুলিশে আরও আড়াই হাজার জনবল নিয়োগের প্রস্তাব

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২২ পিএম

শেয়ার করুন:

ট্যুরিস্ট পুলিশে আরও আড়াই হাজার জনবল নিয়োগের প্রস্তাব
ফাইল ছবি

পর্যটন কেন্দ্রগুলোর নিরাপত্তা ও সেবার মান বাড়াতে ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমান। এ জন্য অতিরিক্ত ২ হাজার ৫২৬ জনবল নিয়োগের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিবেচনাধীন রয়েছে বলে জানান তিনি।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভা ও বাংলাদেশ পর্যটন পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জি এম আজিজুর রহমান বলেন, পর্যটনের জন্য নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো পর্যটন গন্তব্য নিরাপদ না হলে সেখানে টেকসইভাবে পর্যটনের বিকাশ সম্ভব নয়। পর্যটকরা কোনো গন্তব্য বেছে নেওয়ার সময় প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও বিনোদনের পাশাপাশি নিরাপত্তাকেও গুরুত্ব দেন।

তিনি বলেন, পর্যটনকেন্দ্রে নিরাপত্তা, তথ্য বা জরুরি সহায়তা দিতে ট্যুরিস্ট পুলিশ দৃশ্যমান সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর একটি। ফলে ট্যুরিস্ট পুলিশের আচরণ ও সেবার মান পর্যটকের কাছে বাংলাদেশের অভিজ্ঞতার অংশ হয়ে ওঠে।

অতিরিক্ত আইজিপি বলেন, ট্যুরিস্ট পুলিশকে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পর্যটনবান্ধব সেবা নিশ্চিত করতে হয়। এজন্য পর্যটন ব্যবস্থাপনা, হসপিটালিটি, বিদেশি ভাষা, আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ, জরুরি পরিস্থিতি মোকাবিলা ও অভিযোগ ব্যবস্থাপনার মতো বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।

তিনি জানান, ২০১৩ সালে যাত্রা শুরু করা ট্যুরিস্ট পুলিশ বর্তমানে ৩২টি জেলা ও ১৩০টি পর্যটনকেন্দ্রে দায়িত্ব পালন করছে। চলতি বছরের প্রথম আট মাসে এসব এলাকায় ১০ হাজারের বেশি বিদেশি পর্যটক এসেছেন। এ সময়ে হারিয়ে যাওয়া ৩৬৫ শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং বিপদে পড়া ৩১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পর্যটনকেন্দ্রে অপরাধ ও হয়রানির ঘটনায় ৯২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া পর্যটকদের হারানো মোবাইল ফোন, ব্যাগ ও অর্থ উদ্ধার করে তাদের কাছে ফেরত দেওয়ার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফ এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান।

এমআইকে/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর