শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

বিমানবন্দরে পৃথক তিন অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পিএম

শেয়ার করুন:

বিমানবন্দরে পৃথক তিন অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক তিনটি অভিযান চালিয়ে প্রায় ৬৭ ভরি স্বর্ণালংকারসহ সাতজনকে আটক করেছে এয়ারপোর্ট-১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (৩ অক্টোবর) এসব অভিযান চালানো হয়।

এয়ারপোর্ট এপিবিএন জানায়, বিমানবন্দরের গোলচত্বরের উত্তর পাশে গোপন অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি সংঘবদ্ধ চক্র পালানোর চেষ্টা করে। এসময় এয়ারপোর্ট এপিবিএনের সদস্যরা পাঁচজনকে আটক করেন। 

s

পরে আটক ব্যক্তিদের এপিবিএন কার্যালয়ে নিয়ে শরীর তল্লাশী করা হলে তাদের কাছ থেকে ৪৮৪ দশমিক ২ গ্রাম স্বর্ণালংকার, দুটি ল্যাপটপ, আটটি মোবাইল ফোন ও তিন কার্টন সিগারেট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- তোফাজ্জল হোসেন (৩৭), জসিম উদ্দিন (৩৯), আরাফাত হোসাইন (২৮), আরিফ (৪২) ও মো. আলামিন গাজী (৩৭)।

অন্যদিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপি সংলগ্ন পাকা সড়কে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় রূপবান বেগম (৩৯) নামে এক নারীকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশী করে ৯৮ দশমিক ৭ গ্রাম স্বর্ণালংকার ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এছাড়া বিমানবন্দরের মূল প্রবেশপথের গোলচত্বরের পশ্চিম পাশে পাকা সড়ক থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এম এ মতিন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ১৯৮ দশমিক ৪ গ্রাম স্বর্ণালংকার ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

s

এপিবিএন জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ থেকে অজ্ঞাত যাত্রীদের মাধ্যমে চোরাচালানের উদ্দেশে বাংলাদেশে আনা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে রিসিভার হিসেবে বিমানবন্দরের স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত।

এ ঘটনায় বিমানবন্দর থানায় পৃথক তিনটি মামলা করা হয়েছে। 

এ বিষয়ে এয়ারপোর্ট-১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান প্রতিরোধ ও অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন সক্রিয় ভূমিকা পালন করছে। 

স্বর্ণ ও মাদক চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

এমআইকে/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর