শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি শেয়ার করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পিএম

শেয়ার করুন:

ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি শেয়ার করলেন প্রধানমন্ত্রী

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। যেখানে তার স্ত্রী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। 

শনিবার (৩ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর ফেসবুক পেইজ ‘পিএমও বাংলাদেশ’ থেকে ছবিটি পোস্ট করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকেও ছবিটি শেয়ার করা হয়েছে।

ছবিটিতে মাঝখানে দাঁড়িয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ডান পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বামপাশে ডা. জুবাইদা রহমান। সকলেই বেশ হাস্যজ্জল। 

ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আগত বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত নৈশভোজে অংশ নেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।’

এর আগে গত ২২ সেপ্টেম্বর রাতে নিউইয়র্কের বিলাসবহুল ‘লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে ওই নৈশভোজ অনুষ্ঠিত হয়। জাতিসংঘের সদস্যদেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাদের জীবনসঙ্গীরা এই নৈশভোজে অংশ নেন।

সেদিন সকালে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস দেশের সরকার ও রাষ্ট্র প্রধানদের সম্মানে প্রাতরাশ দেন। সেই অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান অংশ নেন।

গত ২২ সেপ্টেম্বর সকালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর অধিবেশনে তিনি বাংলায় ভাষণ দেন। যুক্তরাষ্ট্র সফর শেষে গত ২৭ সেপ্টেম্বর সকালে তিনি দেশে ফেরেন।

প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল তারেক রহমানের প্রথম যুক্তরাষ্ট্র সফর। এই সফরে তার স্ত্রী জুবাইদা রহমান ছাড়াও মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সরকারি আমলাসহ ৩৫ জন সফরসঙ্গী ছিলেন।

এএইচ  

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর