রাজধানীর কদমতলী থানার জাপানি বাজারের পাঁচ নম্বর গলির বাবু মিয়ার টিনশেড বাসায় বিদ্যুতের কাজ করার সময় মো. রিপন (২৮) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা মনির বলেন, নিহত রিপন একজন ইলেকট্রিশিয়ান ছিলেন। আজ সকালের দিকে কদমতলী থানার জাপানি বাজার পাঁচ নম্বর গলি বাবু মিয়ার টিনশেড বাসায় বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। উদ্ধার করে একটি হাসপাতালে নেওয়া হয়, সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢামেকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
/এএস




