শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

জিগাতলায় ঢাকা কলেজের ছাত্র ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা, আটক ২

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০০ এএম

শেয়ার করুন:

জিগাতলায় ঢাকা কলেজের ছাত্র ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা, আটক ২

রাজধানীর জিগাতলা এলাকায় একটি হোস্টেলে তিন ছাত্রকে আটকে রেখে মারধরের অভিযোগকে কেন্দ্র করে ঢাকা কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনায় হোস্টেল ম্যানেজারসহ দুজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জিগাতলা বড় মসজিদের গলি সংলগ্ন উত্তর মনেশ্বর রোডের ৩৬/১২ নম্বর বাসায় ঢাকা কলেজের ১০ জনের বেশি শিক্ষার্থীকে বাড়ির মালিক আটকে রেখে মারধর করেছেন—এমন খবর ছড়িয়ে পড়লে উত্তেজনার সূত্রপাত হয়। পরে খবরটি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে হোস্টেলে থাকা শিক্ষার্থীরা বেরিয়ে আসেন। তারা ঘটনার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে মিছিল নিয়ে জিগাতলার দিকে যান।

এ সময় ঘটনাস্থল থেকে ফেসবুক লাইভে সংবাদ সংগ্রহ করছিলেন ‘বাংলা পোস্ট’-এর প্রতিবেদক মাহবুব খান। তার অভিযোগ, লাইভ চলাকালে ঢাকা কলেজের এক শিক্ষার্থী হঠাৎ তার মোবাইল ফোন কেড়ে নেন এবং তাকে মারধর বা হামলার চেষ্টা করেন।

মাহবুব খান বলেন, শিক্ষার্থীদের আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়। ওই পরিস্থিতির সংবাদ সংগ্রহ ও সরাসরি সম্প্রচারের সময় তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার ঘটনা ঘটে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, রাত ৮টার দিকে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী জিগাতলার ‘ঢাকা রেসিডেন্সি’ হোস্টেলে গিয়ে ভাঙচুর চালান। তবে শিক্ষার্থীদের দাবি, এর আগে হোস্টেলের কয়েকজন তাদের ছোট ভাইদের মারধর করেন।

ঢাকা কলেজ ছাত্রদলের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, রেসিডেন্সি হোস্টেলের কয়েকটি কক্ষে ঢাকা কলেজের শিক্ষার্থীরা থাকতেন। তাদের একজনের সাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে হোস্টেলে থাকা কয়েকজনের সঙ্গে বিরোধ তৈরি হয়।

তার দাবি, শিক্ষার্থীদের কয়েকজনের কাছে হোস্টেল কর্তৃপক্ষের টাকা পাওনা ছিল। মাসের প্রথম দিন হোস্টেল ছেড়ে যাওয়ার সময় পাওনা টাকা চাইলে তারা পরে বিকাশের মাধ্যমে পরিশোধ করবেন বলে জানান। এ নিয়ে ভিডিও করার সময় তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে শিক্ষার্থীদের মারধর করা হয়।

ওই নেতার ভাষ্য অনুযায়ী, খবরটি ক্যাম্পাসে পৌঁছালে প্রায় ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী হোস্টেলে গিয়ে ভাঙচুর করেন। এ সময় দ্বিতীয় দফায় সংঘর্ষে ঢাকা কলেজের চার থেকে পাঁচজন শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে ২০২৪ ব্যাচের রিজভী ও আসিফ রয়েছেন।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, চার থেকে পাঁচজনের একটি গ্রুপের একজনের সাইকেল চুরি হয়েছিল। তারা কয়েকজনকে সন্দেহ করে তাদের সঙ্গে উগ্র আচরণ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা ঢাকা কলেজের শিক্ষার্থী। পরে কলেজ প্রশাসনের মধ্যস্থতায় তাদের ছেড়ে দেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত সাড়ে ১২টার পরও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। একপর্যায়ে ঢাকা কলেজের শতাধিক শিক্ষার্থী ও পুলিশের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।

এমআইকে/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর