বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ঢাকা

আমেরিকান কোম্পানিতে চাকরির ভুয়া অফার লেটার দিয়ে টাকা আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পিএম

শেয়ার করুন:

আমেরিকান কোম্পানিতে চাকরির ভুয়া অফার লেটার দিয়ে টাকা আত্মসাৎ

আমেরিকার নামী-দামি বিভিন্ন কোম্পানিতে চাকরির ভুয়া অফার লেটার পাঠিয়ে প্রতারণা করত একটি চক্র। এভাবে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কয়েক লাখ টাকা আত্মসাৎ করে চক্রটি। এ চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তির নাম মো. তানভীর হাসান। বুধবার রাতে রাজধানীর আজমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সিআইডি জানায়, মামলার বাদী একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী। গত ৯ আগস্ট সকালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পেজের সন্ধান পান, যেখানে আমেরিকায় বিভিন্ন ভিসা ক্যাটাগরিতে কাজের বিজ্ঞপ্তি দেওয়া ছিল। আগ্রহী হয়ে তিনি ওই পেজে দেওয়া একটি বিদেশি মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন।

যোগাযোগের একপর্যায়ে চক্রের এক সদস্য ভুক্তভোগীকে আমেরিকার একটি প্রতিষ্ঠানে কাজের অফার লেটার পাঠান। পরে অভিযুক্তদের দেওয়া বাংলাদেশের কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট ও এমএফএস নম্বরে মোট ৩ লাখ ৮৩ হাজার ৮১০ টাকা পাঠান তিনি।

পরবর্তীতে আরও টাকা দাবি করলে ভুক্তভোগী তা দিতে অস্বীকৃতি জানান। এতে প্রতারকরা ক্ষিপ্ত হয়ে তাকে বিভিন্ন ভয়ভীতি দেখানোর পাশাপাশি হুমকি-ধমকি দিতে শুরু করে। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী তেজগাঁও থানায় মামলা করেন।

সিআইডি জানায়, চক্রের সদস্যরা পরস্পর যোগসাজশে ভুক্তভোগীকে আমেরিকান একটি কোম্পানিতে চাকরির প্রলোভন দেখিয়ে একটি ভুয়া অফার লেটার পাঠায়। চাকরি পাওয়ার আশ্বাসে প্রতারিত হয়ে তিনি আসামিদের দেওয়া বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) অ্যাকাউন্টে টাকা পাঠান। ২০২৫ সালের ২ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিনি ব্যাংক হিসাব ও এমএফএস অ্যাকাউন্টে সর্বমোট ৩ লাখ ৮৩ হাজার ৮১০ টাকা পাঠান।

পরবর্তীতে অফার লেটারসহ চাকরির বিষয়টি ভুয়া বলে বুঝতে পারলে তিনি অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। এ সময় অভিযুক্তরা তাদের মোবাইল নম্বর থেকে তাকে ব্লক করে যোগাযোগ বন্ধ করে দেয়।

সিআইডি আরও জানায়, মামলাটি তদন্তের সময় মামলার তথ্য ও সংশ্লিষ্ট লেনদেন বিশ্লেষণ করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তের প্রকৃত ঠিকানা শনাক্ত করা হয়। পরে গোপন তথ্যের ভিত্তিতে আজমপুর এলাকায় অভিযান চালিয়ে তানভীর হাসানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় কোনো আলামত জব্দ করা হয়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় জড়িত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

একেএস/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর