বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

দুর্গাপূজায় দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পিএম

শেয়ার করুন:

দুর্গাপূজায় দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে দেশজুড়ে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থাসহ সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও সংশ্লিষ্ট বিষয়ে অনুষ্ঠিত সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আগের অন্তর্বর্তী সরকার দুর্গাপূজায় সরকারি ছুটি এক দিন থেকে বাড়িয়ে দুই দিন করেছিল। এ বছর প্রধানমন্ত্রী তারেক রহমান সনাতন ধর্মাবলম্বীদের দাবির পরিপ্রেক্ষিতে ছুটি আরও এক দিন বাড়িয়ে তিন দিন করেছেন। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সনাতন ধর্মাবলম্বীসহ দেশবাসী কার্যত টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়ে প্রতি বছর পূজামণ্ডপগুলোতে দেওয়া সরকারি অনুদানের পরিমাণ চার কোটি টাকা থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা করেছেন। সরকারের এসব সিদ্ধান্তের জন্য সনাতন ধর্মের নেতারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

দেশে ধর্মীয় সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ বছর রেকর্ডসংখ্যক প্রায় ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবার প্রায় ১ হাজার ৫০০টি পূজামণ্ডপ বেড়েছে।

পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তি ও তদারকি জোরদার করা হবে জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের সময় ব্যবহৃত এনটিএমসির বিশেষ অ্যাপটি দুর্গাপূজার নিরাপত্তায় ব্যবহার করা হবে। এ লক্ষ্যে জেলা পর্যায়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া পুলিশ সদর দপ্তরসহ বিভাগীয় ও জেলা পর্যায়ে ২৪ ঘণ্টার মনিটরিং টিম সক্রিয় থাকবে।

প্রতিটি পূজামণ্ডপের স্বেচ্ছাসেবকদের তালিকা সংশ্লিষ্ট থানায় যাচাই-বাছাই শেষে তাঁদের পরিচয়পত্র দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পূজামণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় ২৪ ঘণ্টা বিকল্প জেনারেটর ও চার্জার লাইটের ব্যবস্থা রাখতে বলা হয়েছে।

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধী, চাঁদাবাজ, অস্ত্রধারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত বিশেষ অভিযান চলছে। এসব অভিযান আরও জোরদার করা হবে।

সম্প্রতি মিরপুরের রাড্ডা ক্লিনিকের ঘটনায় পুলিশ কর্মকর্তার দায়িত্বে অবহেলা পাওয়ায় তাঁকে তাৎক্ষণিক প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। মাটিকাটা জমি দখলের ঘটনায় ৯৯৯-এ কল পাওয়ার পরপরই পুলিশ গিয়ে আসামিদের গ্রেপ্তার করেছে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, অপরাধের সঙ্গে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে। অপরাধী যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

মিরপুরে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ ও পুলিশ ভ্যান ভাঙচুরের বিষয়ে মন্ত্রী বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে সঠিক যোগাযোগের অভাব বা সমন্বয়হীনতার কারণে ঘটনাটি ঘটেছে। বিষয়টির পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

দু-একটি বিচ্ছিন্ন ঘটনার ভিত্তিতে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন না করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

সভায় সরকারের সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্বকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এর মধ্যে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, মহানগর পূজা উদ্‌যাপন পরিষদ ও পূজা ফ্রন্টের প্রতিনিধিরাও ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার (প্রতিমন্ত্রী পদমর্যাদা) উপস্থিত ছিলেন।

এমআইকে/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর