মেট্রোরেলের পিলারে টানানো অবৈধ পোস্টার অপসারণের পর সেখানে গ্রাফিতি আর্ট ও সৌন্দর্যবর্ধনমূলক চিত্রায়ণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, মেট্রোরেলের পিলারগুলোকে পোস্টারমুক্ত করে পরিচ্ছন্ন ও নান্দনিকভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর ১৩ নম্বরের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় শিশুদের খেলার মাঠ, শহীদ মিনার ও পার্ক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, মেট্রোরেলের পিলারে টানানো অবৈধ পোস্টার অপসারণের জন্য ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। পোস্টার অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ হওয়ার পর খুব দ্রুত সেখানে গ্রাফিতি আর্ট বা সৌন্দর্যবর্ধনমূলক চিত্রায়ণের কাজ শুরু করা হবে। নগরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সৌন্দর্যবর্ধনের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। মেট্রোরেলের পিলারগুলো শহরের গুরুত্বপূর্ণ দৃশ্যমান স্থাপনা হওয়ায় সেখানে অবৈধ পোস্টার না রেখে পরিকল্পিতভাবে সৌন্দর্যবর্ধনমূলক কাজ করা হবে।
প্রশাসক আরও জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন পার্ক ও খেলার মাঠগুলো দখলমুক্ত করে সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার পর জনগণের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মিরপুর ১৩ নম্বর এলাকায় শিশুদের খেলার মাঠ, শহীদ মিনার ও পার্ক উদ্বোধন করা হয়েছে।
তিনি বলেন, নির্বাচনকালে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন পার্ক ও খেলার মাঠগুলো দখলমুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করার কাজ করা হচ্ছে। ভবিষ্যতে আরও পার্ক ও খেলার মাঠ সংস্কার করে ব্যবহার উপযোগী করা হবে। নতুন করে উদ্বোধন করা পার্ক ও খেলার মাঠের সংরক্ষণ ও দেখাশোনার জন্য আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। ওই কমিটি মাঠ ও পার্কের সার্বিক দেখাশোনার দায়িত্ব পালন করবে।
তিনি আরও জানান, আগামী দেড় মাসের মধ্যে এই পার্ক ও খেলার মাঠ সিসি ক্যামেরার আওতায় আনা হবে। সন্ধ্যার পর যাতে কোনো অসামাজিক কার্যক্রম বা মাদকাসক্তদের আড্ডা না বসে, সেদিকেও নজর রাখা হবে। এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসন ও কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সহযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
শফিকুল ইসলাম খান বলেন, পার্কটি এলাকাবাসীর জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা থাকবে। বাকি সময় বন্ধ রাখা হবে। শিশু-কিশোরদের খেলাধুলার পাশাপাশি পড়াশোনার প্রতিও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। তার ভাষ্য, খেলাধুলার সময় খেলাধুলা করতে হবে এবং সন্ধ্যার পর পড়াশোনার জন্য ঘরে ফিরতে হবে। লেখাপড়া ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।
এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, মাঠ ও পার্কের ভেতরে যাতে কোনো উচ্ছৃঙ্খল ব্যক্তি বা দুষ্কৃতকারী অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে এবং কোনো অসামাজিক কার্যক্রম চালাতে না পারে, সেদিকে এলাকার মুরব্বিদের নজর রাখতে হবে। তিনি জানান, অসামাজিক বা অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান থাকবে। কোনো রাজনৈতিক বা দলীয় পরিচয়ে অপরাধীদের ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠানে মিরপুর-কাফরুল এলাকার জলাবদ্ধতা নিরসনের বিষয়েও কথা বলেন ডিএনসিসি প্রশাসক। তিনি আগামী নির্বাচনের আগেই ২২ নম্বর টেকী খাল স্থায়ীভাবে উদ্ধারের উদ্যোগ নেওয়ার কথা জানান। খালের চারপাশে হাঁটার পথ তৈরি এবং নৌযান চলাচলের উপযোগী করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এছাড়া নগরের পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ একসঙ্গে এগিয়ে নেওয়া হবে। মেট্রোরেলের পিলার থেকে অবৈধ পোস্টার সরানোর পর সেখানে গ্রাফিতি ও সৌন্দর্যবর্ধনমূলক চিত্রায়ণ করা হলে নগরের দৃশ্যমান পরিবেশ আরও পরিচ্ছন্ন ও নান্দনিক হবে।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান প্রকৌশলী, স্থানীয় থানা পুলিশের কর্মকর্তা এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এএইচ/এআর




