ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর থেকে বিকেলে মধ্যে তাদের মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নিহত তিনজনই ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ’
তিনি আরও বলেন, ‘প্রযুক্তির সহায়তায় তাদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’
মেডিকেল সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউটের সামনের ফুটপাত থেকে অসুস্থ অবস্থায় আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে উদ্ধার করেন এক স্বেচ্ছাসেবী।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোর ৬টার দিকে জরুরি বিভাগের ২১৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন:
লালমাটিয়ায় মদের বার ঘিরে বিশৃঙ্খলা চরমে, কোণঠাসা এলাকাবাসী
আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা গ্রেফতার
অন্যদিকে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে অচেতন অবস্থায় আনুমানিক ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক ধারণা, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
এদিকে, একই দিন দুপুর ২টার দিকে ঢামেক হাসপাতালের নতুন ভবনে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক ৬০ বছর বয়সী আরও এক ব্যক্তির মৃত্যু হয়।
এর আগে, সকাল ১১টার দিকে নতুন ভবনের ডাক্তার ক্যান্টিনের পাশের একটি বেঞ্চে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।
ঢামেক সূত্র জানায়, সোমবার দুপুরের দিকে অজ্ঞাতপরিচয় কয়েকজন তাকে হাসপাতালে রেখে যান। তার বাম হাতে কাটা ও সেলাইয়ের চিহ্ন রয়েছে।
এমএমআর/এএম




