সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জাতিসংঘ সফরে ৩২ কর্মসূচি, প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পিএম

শেয়ার করুন:

জাতিসংঘ সফরে ৩২ কর্মসূচি, প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন
মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনসহ ৩২টি আন্তর্জাতিক কর্মসূচি ও সভায় অংশ নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশ প্রতিনিধিদলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিসভা বলেছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের অংশগ্রহণ দেশের সরকারের অঙ্গীকার ও প্রত্যাশাকে বিশ্বপরিসরে তুলে ধরেছে। একই সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণেও এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ের কক্ষ-৪০০-তে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ২২তম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেন। এ ছাড়া তিনি সাতটি উচ্চপর্যায়ের সভায় বক্তব্য দেন। সফরে ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং জাতিসংঘসহ ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

মন্ত্রিসভার অভিনন্দন প্রস্তাবে বলা হয়, এর আগে প্রধানমন্ত্রীর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘের সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে এবং তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে বক্তব্য দেন। একই পরিবারের তিন সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদে নিজ দেশের প্রতিনিধিত্বের বিষয়টিকে বিশ্ব ইতিহাসে অনন্য ঘটনা হিসেবে উল্লেখ করা হয়।

এ পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বাংলাদেশ প্রতিনিধিদলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

এআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর