সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বিসিএসের বয়সসীমা ৩৪ বছরসহ ৫ দফা দাবি চিকিৎসকদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পিএম

শেয়ার করুন:

বিসিএসের বয়সসীমা ৩৪ বছরসহ ৫ দফা দাবি চিকিৎসকদের
জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন। ছবি: সংগৃহীত

বিসিএসের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, নতুন পে-স্কেলের সঙ্গে সমন্বয় করে চিকিৎসকদের ভাতা বৃদ্ধি এবং নিরাপত্তাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।

মানববন্ধনে চিকিৎসক নেতারা বলেন, বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও দাবিগুলো বাস্তবায়নে কর্তৃপক্ষের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে চিকিৎসকদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। অধিকার আদায়ে রাজপথে আন্দোলন করাই এখন তাদের সামনে একমাত্র পথ হয়ে দাঁড়িয়েছে।

আন্দোলনকারীদের ঘোষিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে বিসিএসের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি করা। নতুন পে-স্কেলের সঙ্গে সমন্বয় করে পূর্ববর্তী ছয় দফার সচিবিক প্রতিশ্রুতি অনুযায়ী ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের ভাতা অবিলম্বে বৃদ্ধি করার দাবিও জানানো হয়।

এ ছাড়া রেসিডেন্সি, এফসিপিএস ও ডিপ্লোমা কোর্সে থাকা চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবি জানানো হয়। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) অ্যাক্টের ২৯ ধারা কঠোরভাবে প্রয়োগ করে ভুয়া চিকিৎসকদের দৌরাত্ম্য বন্ধে প্রতি মাসে অন্তত একবার দেশব্যাপী সাঁড়াশি মোবাইল কোর্ট পরিচালনার দাবিও রয়েছে।

রাজপথ ও কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সংসদে দ্রুত চিকিৎসক সুরক্ষা আইন পাসের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে এমবিবিএসের সব পেশাগত পরীক্ষা এবং স্নাতকোত্তর পর্যায়ের ফেজ এ, বি ফাইনাল, এফসিপিএস মিডটার্ম ও ফাইনাল পরীক্ষায় আংশিক উত্তীর্ণ হওয়ার আইনি বিধান প্রণয়নের দাবি করা হয়। ছয় দফার অবশিষ্ট দাবিগুলোও দ্রুত প্রজ্ঞাপন আকারে প্রকাশের আহ্বান জানান চিকিৎসকেরা।

মানববন্ধনে সংগঠনটির নেতারা বলেন, যৌক্তিক ও ন্যায্য দাবিগুলো উপেক্ষা করা হলে এর পরিণতি ভালো হবে না। স্বাস্থ্যসেবাকে জিম্মি করা তাদের লক্ষ্য নয়। তবে অধিকার থেকে বঞ্চিত করে তরুণ চিকিৎসকদের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ রাখা যাবে না।

মানববন্ধনে রাজধানীর বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতাল ও ইনস্টিটিউটের শিক্ষার্থী ও চিকিৎসকেরা অংশ নেন।

এম/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর