বাংলাদেশ ও ভ্যাটিকানের মধ্যে শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে দেশে মিশনারি পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম, নারী শিক্ষার প্রসার ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় এসব প্রতিষ্ঠানের ভূমিকা নিয়েও আলোচনা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে হলি সি ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন র্যান্ডালের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও ভ্যাটিকানের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তাঁরা। বিশেষ করে দুই দেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় ভ্যাটিকানের প্রতিনিধিদল দেশে মিশনারি পরিচালিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে শিক্ষামন্ত্রীকে অবহিত করেন। শিক্ষা বিস্তারে এসব প্রতিষ্ঠানের ভূমিকার পাশাপাশি নারী শিক্ষার প্রসার ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কার্যক্রমে তাদের অবদানের কথাও তুলে ধরেন তাঁরা।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করছে। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাংলাদেশ ও ভ্যাটিকানের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের মধ্যে অত্যন্ত দৃঢ় ও চমৎকার সম্পর্ক রয়েছে। শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে এ সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ভ্যাটিকানের প্রতিনিধিদলে আরও ছিলেন ঢাকার আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ এবং নটরডেম বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত উপাচার্য ড. চার্লস গর্ডন।
সাক্ষাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, প্রাথমিক ও গণশিক্ষা সচিব জেসমিন নাহার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।
এমএইচ/এআর




