ভুয়া তথ্য ও কাগজপত্র যাচাই-বাছাই না করে নিয়মবহির্ভূতভাবে ভোটার নিবন্ধন সম্পন্ন করায় দিনাজপুরের কাহারোল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নূর-ই-আলমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ইসির জনবল শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।
ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. নূর-ই-আলম উপজেলা নির্বাচন কর্মকর্তা, কাহারোল, দিনাজপুর (সাবেক উপজেলা নির্বাচন কর্মকর্তা, ডোমার, নীলফামারী) এর বিরুদ্ধে ইসমাহীস নামের ব্যক্তির দাখিলকৃত ভুয়া তথ্য ও কাগজপত্র যাচাই-বাছাই ছাড়াই নিয়ম বহির্ভূতভাবে ভোটার নিবন্ধন কার্য সম্পন্ন করেছেন। দায়িত্বে চরম অবহেলা প্রদর্শন করার অভিযোগ তদন্তে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
এতে আরও বলা হয়েছে, অপরাধের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় জনস্বার্থে তাকে সরকারি কর্ম হতে বিরত রাখা আবশ্যক ও সমীচীন।
এজন্য সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২(১) মোতাবেক মো. নূর-ই-আলম উপজেলা নির্বাচন কর্মকর্তা, কাহারোল, দিনাজপুর (প্রাক্তন উপজেলা নির্বাচন কর্মকর্তা, ডোমার, নীলফামারী)-কে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িকভাবে বরখাস্ত থাকাকালীন তিনি প্রচলিত বিধি মোতাবেক খোরপোষ ভাতা ও অন্যান্য আইনানুগ সুবিধাদি প্রাপ্য হবেন।
এমএইচএইচ/এআরএম




