প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষকে নিরাপত্তা দেওয়ার অভিব্যক্তি প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে আইসিটি মন্ত্রণালয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে কোনো অন্যায় শিকার বা ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য সুনির্দিষ্ট সুরক্ষা ব্যবস্থা বা 'সেফ গার্ড' রাখার প্রস্তাব এসেছে।
প্রস্তাব অনুযায়ী, কোনো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা বা গ্রেফতার করতে হলে তার আগে আদালতের অনুমতি নিতে হবে। এছাড়া আপিল নিষ্পত্তির জন্য সময়সীমা নির্ধারণেরও কথা রয়েছে।
সামাজিক সুরক্ষার বিষয়ে জোর দিয়ে তিনি বলেন, সাইবার অপরাধ রোধ করা এবং তরুণ সমাজকে এর কুপ্রভাব থেকে রক্ষা করাই এই আইনের মূল লক্ষ্য। আমাদের দেশীয় সংস্কৃতি ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি সমৃদ্ধ আইন তৈরি করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
সাইবার সুরক্ষা আইন পাসের বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, তাড়াহুড়ো করে আইন পাস করব না। সেখানে আলাপ-আলোচনা হবে, বিরোধী দল-সরকারি দল সবাই আলোচনা করবে। এবং সংসদের বাইরেও আশা করি বিভিন্ন রকমের সেমিনার-সিম্পোজিয়াম আপনারা করবেন, সেখান থেকেও মতামত আসবে।
তিনি বলেন, আমরা এমন একটা আইন করতে চাই, যে আইনের মাধ্যমে আমরা সমাজের সর্বস্তরের মানুষকে রক্ষা করতে পারি। বিশেষ করে আমাদের যুবসমাজ, তাদেরকে আমরা রক্ষা করতে পারি। যারা এই সাইবার স্পেস ব্যবহার করে বিভিন্ন অপরাধ সংঘটন করছে এই জাতীয় এবং সমাজে সেটা মারাত্মক আকারে সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে যাচ্ছে, সেখান থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে।
সালাউদ্দিন আহমেদ বলেন, সামাজিক সুরক্ষার, সোশাল হারমোনি, রিলিজিয়াস হারমোনি এবং পারিবারিক বন্ধন—সবকিছুকে টিকিয়ে রাখতে হবে। আমাদের কালচারের সাথে মিলিয়ে এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচিং করে এই আইনটা করতে চাই।
এসএইচ/এআরএম




