সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পূর্বাচলে ভবনে কাজের সময় মই থেকে পড়ে স্যানিটারি মিস্ত্রির মৃত্যু

ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ এএম

শেয়ার করুন:

পূর্বাচলে ভবনে কাজের সময় মই থেকে পড়ে স্যানিটারি মিস্ত্রির মৃত্যু

রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মই থেকে পা পিছলে পড়ে তাজিম নামে এক স্যানিটারি মিস্ত্রির মৃত্যু হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে স্বদেশ প্রপার্টিজ এলাকায় একটি ২০ তলা নির্মাণাধীন ভবনের বেসমেন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের সহকর্মী আরিফুল ইসলাম তুষার জানান, তিনি ও তাজিম একসঙ্গে কাজ করতেন। প্রায় দুই মাস আগে স্যানিটারি কাজের পেশায় যোগ দেন তাজিম। ঘটনার সময় ভবনের বেসমেন্টে প্রায় এক তলা সমান উঁচু স্থানে মইয়ে উঠে স্যানিটারির কাজ করছিলেন তিনি। একপর্যায়ে অসাবধানতাবশত মই থেকে পা পিছলে নিচে পড়ে যান মাথার পেছনে গুরুতর আঘাত পান তিনি।

তাজিমের মামি শারমিন আক্তার জানান, রাত ৯টার দিকে স্বদেশ প্রপার্টিজের পক্ষ থেকে ফোন করে তাদের দুর্ঘটনার বিষয়টি জানানো হয়। পরে তারা জানতে পারেন, ২০ তলা নির্মাণাধীন ভবনের ৩ নম্বর বেসমেন্টে কাজ করার সময় ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তাজিম।

পরে সহকর্মীরা উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাজিমকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, তাজিমের বাড়ি ফরিদপুরের নগরকান্দা থানার বড় কাজুলী গ্রামে। তার বাবার নাম ইয়ামিন মোল্লা। দুই ভাইয়ের মধ্যে তাজিম ছিলেন বড়। তিনি ৩০০ ফিটের স্বদেশ প্রপার্টিজ এলাকাতেই থাকতেন। প্রায় এক বছর আগে তিনি বিয়ে করেছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান তাজিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এমএমআর/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর