রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং এলাকায় একটি নির্মাণাধীন বাড়ি লুটপাট করে জমি দখলের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় করা মামলায় দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম।
গ্রেফতারকৃতরা হলেন- মো. লিমন ও মনোয়ার হোসেন সাদ্দাম।
লিমন নড়াইলের লোহাগড়া থানার কুমড়ি গ্রামের আজিজুর রহমানের ছেলে। তিনি বর্তমানে মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যানের ২৯ নম্বর বাসায় থাকেন। আর সাদ্দাম তোবারক হোসেনের ছেলে। তিনি মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকায় বজলু করিমের বাড়িতে ভাড়া থাকেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে দেখা যায়, প্রায় শতাধিক মানুষ একটি কার্যালয়ে ঢুকে কক্ষের তালা ভেঙে বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যাচ্ছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, চাঁদ উদ্যানে জমি দখলের ঘটনায় আনোয়ার হোসেন রিপন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করেন। শনিবার মামলাটি করা হয়। মামলার পর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান শুরু হয়। এরই ধারাবাহিকতায় লিমন ও সাদ্দামকে গ্রেফতার করা হয়।
আব্দুল হালিম বলেন, গ্রেফতার দুজনের বিরুদ্ধে এর আগে ছিনতাই ও মারামারির মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে তারা চুক্তিতে ছিনতাই ও জমি দখলের কাজে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন।
এছাড়া চাঁদ উদ্যানের জমি দখলের ঘটনায় করা মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
একেএস/এএইচ




