রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘কেউ পিছু ধাওয়া করছে’ আতঙ্কে ভবনে উঠতে গিয়ে যুবকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম

শেয়ার করুন:

‘কেউ পিছু ধাওয়া করছে’ আতঙ্কে ভবনে উঠতে গিয়ে প্রাণ গেল যুবকের
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ

‘কেউ পিছু ধাওয়া করছে’—এমন আতঙ্কে একটি ভবনের রেলিং বেয়ে তিনতলায় ওঠার সময় পা পিছলে নিচে পড়ে হৃদয় (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে রাজধানীর কামরাঙ্গীরচরের মাদবর বাজার এলাকার ওয়ালটন গলিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় কিশোরগঞ্জের বাজিতপুর থানার হিলচিয়া গ্রামের শাহজাহানের ছেলে। তিনি পরিবার নিয়ে কামরাঙ্গীরচর এলাকায় বসবাস করতেন। পেশায় ছিলেন রিকশাচালক। প্রায় এক বছর আগে বিয়ে করেন। তার তিন মাস বয়সি একটি ছেলে সন্তান রয়েছে।

কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) রাকিব হোসাইন জানান, স্থানীয়দের বক্তব্য ও প্রাথমিক তদন্তে জানা গেছে, হৃদয় বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ছোট শিশুদের দেখলে তিনি আতঙ্কিত হতেন এবং প্রায়ই মনে করতেন, কেউ তার পিছু ধাওয়া করছে।

এসআই রাকিব হোসাইন বলেন, ঘটনার রাতে বাস্তবে কেউ তার পেছনে ছিল না। তবে আতঙ্কিত হয়ে হৃদয় দৌড়াতে দৌড়াতে একটি ভবনের রেলিং বেয়ে তিনতলার দিকে উঠতে থাকেন। এ সময় স্থানীয়রা তাকে ওপরে উঠতে নিষেধ করলেও তিনি কারও কথা শোনেননি। একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের ভাই শাহ আলম বলেন, গভীর রাতে হৃদয় কী কারণে বা কী উদ্দেশ্যে ওই ভবনে গিয়েছিলেন, তা তারা এখনো বুঝতে পারছেন না। ঘটনার সময় পরিবারের অধিকাংশ সদস্য গ্রামের বাড়িতে ছিলেন। সেখান থেকেই তারা হৃদয়ের মৃত্যুর খবর পান।

তিনি বলেন, রাত ৩টার দিকে তিনতলার ছাদে যাওয়ার সময় অসাবধানতাবশত হৃদয় নিচের সরু গলিতে পড়ে যান। পরে আশপাশের লোকজন তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হৃদয়কে উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এমএমআর/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর