রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পুকুরে ডুবে যাওয়া যমজ ভাই-বোনকে ঢামেকে আনার পর মৃত ঘোষণা

ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম

শেয়ার করুন:

পুকুরে ডুবে যাওয়া যমজ ভাই-বোনকে ঢামেকে আনার পর মৃত ঘোষণা
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে তানিশা ও রায়হান নামে আট বছর বয়সি যমজ ভাই-বোনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর তাদের মৃত ঘোষণা করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চসিম উদ্দিন এলাকায় একটি পুকুরে ডুবে যায় দুই শিশু। তাদের বাবা শরিফ কুয়েত প্রবাসী।

নিহত শিশুদের নানা কাসেম মিয়া জানান, তারা ঢাকার ডেমরার ঠুনঠুরলিয়া চেয়ারম্যান বাড়ি এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতো। শনিবার তারা মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার চসিম উদ্দিন গ্রামে নানাবাড়িতে বেড়াতে যায়।

তিনি জানান, রোববার দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল তানিশা ও রায়হান। এসময় একজন পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে অপরজনও পানিতে পড়ে যায়। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।

সেখানে অবস্থার অবনতি হলে বিকেল সাড়ে ৩টার দিকে অচেতন অবস্থায় শিশু দুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিশু দুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এমএম আর/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর