রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ভাঙচুরের ঘটনায় সালমান মুক্তাদির ন্যায়বিচার পাবেন: রাশেদ খাঁন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পিএম

শেয়ার করুন:

স্টুডিও ভাঙচুরের ঘটনায় সালমান মুক্তাদির ন্যায়বিচার পাবেন: রাশেদ খাঁন
সালমান মুক্তাদির ও রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত

স্টুডিওতে ভাঙচুরের ঘটনায় অভিনেতা ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির ন্যায়বিচার পাবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, এ ঘটনায় দোষীরা যথাযথ শাস্তি পাবেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব কথা বলেন।

রাশেদ খাঁনের দাবি, নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেডের ভেতরে দুই পক্ষের জমির মালিকানা নিয়ে বিরোধের জেরেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনা ঘটেছে।

পোস্টে তিনি লেখেন, নিউ গিনি প্রোপার্টিজ-সংলগ্ন এলাকায় সাবেক কয়েকজন সরকারি কর্মকর্তার ২৩ কাঠা জমি রয়েছে। এর মধ্যে ৮ কাঠা জমি নিয়ে বিরোধ চলছে।

সালমান মুক্তাদিরের উদ্দেশে রাশেদ খাঁন বলেন, পুরো ঘটনা জেনে তারপর মন্তব্য করা উচিত ছিল। তার দাবি, সব পক্ষের সঙ্গে কথা না বলে সালমান বিএনপির লোকজনকে চাঁদা না দেওয়ার কারণে তার স্টুডিও ভাঙচুর করা হয়েছে বলে বক্তব্য দিয়েছেন।

রাশেদ খাঁন বলেন, জুলাই যোদ্ধা সালমান মুক্তাদিরের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় তারা ব্যথিত। দোষীরা যথাযথ শাস্তি পাবেন এবং সালমান ন্যায়বিচার পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

সাবেক সরকারি কর্মকর্তাদের অভিযোগের বরাত দিয়ে রাশেদ খাঁন বলেন, অতীতে প্রভাব বিস্তার করে ওই ৮ কাঠা জমি নিউ গিনি প্রোপার্টিজের মালিক নাজিম উদ্দীন দখল করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তিনি জেলও খেটেছেন বলে উল্লেখ করেন রাশেদ।

তিনি আরও জানান, সম্প্রতি নাজিম উদ্দীনের কাছ থেকে ৫ হাজার বর্গফুট জায়গা ভাড়া নিয়ে স্টুডিও করেন সালমান মুক্তাদির।

image

রাশেদ খাঁনের ভাষ্য, নিউ গিনি প্রোপার্টিজের মালিক সম্প্রতি এমনভাবে তিনটি নতুন গেট নির্মাণ করেন, যাতে ভেতরে থাকা অন্য জমির মালিকেরা প্রবেশ করতে না পারেন। জমি দখলের উদ্দেশ্যেই এসব করা হয়েছে বলে ওই জমির মালিকদের দাবি বলে জানান তিনি।

এ অবস্থায় ক্ষুব্ধ হয়ে তারা লোক ভাড়া করে গেট ভাঙতে গেলে নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিওতেও হামলা ও ভাঙচুর চালানো হয় বলে দাবি করেন রাশেদ। ঘটনাটিকে তিনি অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন।

রাশেদ খাঁন আরও লেখেন, সাবেক সরকারি কর্মকর্তারা চাইলে আইনের আশ্রয় নিতে পারতেন। কিন্তু তা না করে পাল্টা পেশিশক্তি দেখানোর কারণে পুরো ঘটনার দায় বিএনপির ওপর চাপানোর সুযোগ তৈরি হয়েছে।

তবে দখল-পাল্টা দখলের সঙ্গে বিএনপি বা কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।

রাশেদ খাঁনের অভিযোগ, গণঅভ্যুত্থানের পর যারা ইসলামি ব্যাংক দখলসহ বিভিন্ন সম্পদ নিজেদের দাবি করে দখলের চেষ্টা করেছে, তারাই বিভিন্ন ঘটনায় বিএনপিকে দায়ী করে ভিলেন বানানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন আশা প্রকাশ করেন, সালমান মুক্তাদির এবার ঘটনার সত্যতা তুলে ধরবেন।

এমআইকে/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর