সরকারি তিতুমীর কলেজে দুই গ্রুপের বিরোধের সংবাদ সংগ্রহের সময় আব্দুর রহমান তালুকদার নামের এক গণমাধ্যম কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কলেজ ক্যাম্পাসে বোটানি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়।
পরে রাত ১০টার দিকে ওই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে আব্দুর রহমান তালুকদারের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ।
হামলার শিকার ফেস দ্য পিপলের ক্যাম্পাস প্রতিনিধি আব্দুর রহমান তালুকদার বলেন, ‘আমি টিউশন শেষ করে ক্যাম্পাসে এসে ঝামেলা দেখে সেখানে দাঁড়াই। দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই চার-পাঁচজন আমাকে মারধর শুরু করে।’
তিনি বলেন, ‘ওই সময় হামলাকারীরা ‘ওই সাংবাদিক সমিতির ওরে মার’ বলে চিৎকার করছিল। তখন আমার হাতে স্বাভাবিকভাবেই ফোন ছিল। রাকিব নামে একজন সেখানে ছিল, যাকে আমি ভালোভাবে চিনি। তারাও আমাকে মারধর করেছে।’
তিনি আরও অভিযোগ করেন, তার মোবাইল, ব্যাগ এবং সঙ্গে থাকা অন্যান্য জিনিসপত্রও নিয়ে গেছে হামলাকারীরা।
জানা গেছে, হামলায় অভিযুক্ত রাকিব তিুতমীর কলেজ ছাত্রদলের সদস্য সচিব সেলিম রেজার অনুসারী।
এ বিষয়ে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক বলেন, ‘বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, ‘সাংবাদিকের ওপর হামলা অনাকাঙ্ক্ষিত। ছাত্রদল কোনভাবেই এটা সমর্থন করে না। এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
প্রতিনিধি/এএম




