ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) অসুস্থ এক কয়েদির মৃত্যু হয়েছে। ওই কয়েদির নাম মো. পরশ (৩৫)। তার বাবার নাম মো. লিয়াকত এবং তার কয়েদি নং ২১১/এ। তবে কি মামলায় সে কারাগারে বন্দী ছিল সে বিষয়ে কিছু জানা যায়নি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী আতিয়ার শেখ জানান, আজ বিকেলের দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কয়েদি মো. পরশ। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা কয়েকজন কারারক্ষী চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে কয়েদি মো. পরশের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএমআর/এআরএম




