শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সরকারি চাকরিতে টানা ৭ দিনের ছুটির সুযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম

শেয়ার করুন:

সরকারি চাকরিতে টানা ৭ দিনের ছুটির সুযোগ
অক্টোবর মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা সাত দিন ছুটি কাটানোর সুযোগ। ফাইল ছবি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অক্টোবর মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা সাত দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। সরকারি ও ঐচ্ছিক ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত করে এই ছুটি পাওয়া যাবে। তবে এ সুযোগ মূলত নির্দিষ্ট শ্রেণির সরকারি চাকরিজীবীরা পাবেন। জরুরি সেবায় নিয়োজিত কর্মীরা এ ছুটির আওতায় থাকবেন না।

সরকারি ছুটির পঞ্জিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি। ফলে দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মূল সরকারি ছুটি দুই দিন।

তবে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ছুটির পরিধি আরও বাড়ানোর সুযোগ রয়েছে। ছুটির নিয়ম অনুযায়ী, তারা ১৮ অক্টোবর রোববার মহাসপ্তমী ও ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী উপলক্ষে নির্ধারিত ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। এর সঙ্গে ২০ ও ২১ অক্টোবরের সরকারি ছুটি এবং ২২ অক্টোবর বৃহস্পতিবার সাধারণ ছুটি বা নৈমিত্তিক ছুটি যুক্ত করলে এরপরের দুই দিনের সাপ্তাহিক ছুটিসহ টানা সাত দিন ছুটি পাওয়া যাবে। আর ২২ অক্টোবরের ছুটি না নিলে তারা টানা অন্তত পাঁচ দিনের ছুটি ভোগ করতে পারবেন।

অন্য ধর্মাবলম্বী সরকারি চাকরিজীবী, সাধারণ শিক্ষার্থী ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা দুর্গাপূজা উপলক্ষে নির্ধারিত দুই দিনের সরকারি ছুটি পাবেন। তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব ছুটির নীতিমালা অনুযায়ী ছুটি সমন্বয় করতে পারবে।

পূজা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে জরুরি ব্যাংকিং সেবার জন্য নির্দিষ্ট কিছু শাখা এবং অনলাইন ও এটিএম সেবা চালু রাখার নির্দেশনা রয়েছে।

এদিকে জরুরি ও নিত্যপ্রয়োজনীয় সেবায় নিয়োজিত কর্মীরা এই দীর্ঘ ছুটির সুবিধার বাইরে থাকবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবার কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহকারী প্রতিষ্ঠান এবং গণমাধ্যমকর্মীদের ছুটির সময়ও দায়িত্ব পালন করতে হবে।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর