রাজধানীর বংশাল এলাকার একটি মাদ্রাসা থেকে বের হওয়ার পর ১১ বছরের শিশু জিসানের আর কোনো হদিস মিলছে না। গত ২০ সেপ্টেম্বর মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে সে। পরিবারের দাবি, তাকে অপহরণ করা হয়েছে। এরই মধ্যে অজ্ঞাত একটি নম্বর থেকে ইমোতে কল করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছে পরিবার।
শিশুটির বাবা সাজু মিয়া শুক্রবার বিকেলে ঢাকা মেইলকে বলেন, জিসান বংশালের সাতরওজা খাজে নেহাল জামে মসজিদ মাদ্রাসায় পড়াশোনা করে। গত ২০ সেপ্টেম্বর মাদ্রাসায় ছুটির পর সে বাইরে মাঠে খেলতে যায়। এরপর আর মাদ্রাসায় ফেরেনি। তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।
সাজু মিয়া বলেন, মাদ্রাসা থেকে বের হওয়ার সময় সিসি ক্যামেরার ফুটেজে জিসানের বের হওয়ার দৃশ্য ধরা পড়েছে। এরপর সে কোথায় বা কোন দিকে গেছে, তা জানা যায়নি।
নিখোঁজের সময় জিসানের পরনে ছিল লাল রঙের পাঞ্জাবি ও পায়জামা। মাথায় ছিল সাদা-কালো কাজ করা টুপি। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাশিমবাজারে।

সাজু মিয়া বলেন, অজ্ঞাত একটি নম্বর থেকে ইমোতে কল করে এক ব্যক্তি তার ছেলের সন্ধান পাওয়ার দাবি করেন। এরপর ৫০ হাজার টাকা দাবি করা হয়। ওই ব্যক্তি ভিডিও কলে জিসানকে দেখিয়েছেন বলেও জানান তিনি। ছেলেকে ফেরত পাওয়ার আশায় তিনি ১০ হাজার টাকা বিকাশে পাঠিয়েছেন। তবে এরপরও ছেলেকে ফেরত দেওয়া হয়নি।
এ ঘটনায় বংশাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাজু মিয়া।
বংশাল থানার জিডির তদন্ত কর্মকর্তা এসআই রাশেদ ঢাকা মেইলকে বলেন, শিশুটির বাবার কাছে ইমোতে কল করে টাকা চাওয়া হচ্ছে বলে তারা অভিযোগ পেয়েছেন। নম্বরটি কার এবং কারা কল করছে, তা জানার চেষ্টা চলছে। কলকারীরা আসলে অপহরণকারী নাকি প্রতারক চক্র, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
এমআইকে/এআর




