অবৈধভাবে বিড়ি উৎপাদনের প্রস্তুতির অভিযোগে লালমনিরহাটে একটি বাসায় অভিযান চালিয়ে বিড়ির প্যাকেট ও ফিল্টারের বিপুল পরিমাণ লেভেল জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর। এসব লেভেল নকল ব্র্যান্ডরোল ব্যবহার করে অবৈধভাবে বিড়ি উৎপাদনের জন্য সংরক্ষণ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে ভ্যাট বিভাগ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর জানায়, রাজস্ব ফাঁকি ও অবৈধ তামাকজাত পণ্যের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় অভিযান চালিয়ে আসছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেল চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের হরিণছড়া ও খুনিয়াগাছ এলাকায় অভিযান চালানো হয়। ভ্যাট ডিভিশন, রংপুর ও ভ্যাট ডিভিশন, লালমনিরহাটের যৌথ দল একটি বাসায় তল্লাশি চালিয়ে বিড়ির প্যাকেটের এক বস্তা লেভেল এবং বিড়ির ফিল্টারের আধা বস্তা লেভেল জব্দ করে।
ভ্যাট কমিশনারেটের ভাষ্য, জব্দ করা এসব লেভেল নকল ব্র্যান্ডরোল ব্যবহার করে অবৈধভাবে বিড়ি উৎপাদনের জন্য সংরক্ষণ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হবে বলে জানিয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর। রাজস্ব ফাঁকি ও অবৈধ তামাকজাত পণ্যের উৎপাদন ও বাজারজাত প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
এমআর/এআর




