ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলিপুর সেতুতে মেরামত কাজ চলায় চট্টগ্রাম থেকে ঢাকামুখী যানবাহন এক লেনে চলাচল করবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের (সওজ) মেরামতকাজ চলবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
হাইওয়ে পুলিশ প্রধানের স্টাফ অফিসার তারিক লফিত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের ঢাকামুখী দাউদকান্দি সেতু পার হওয়ার পর আলিপুর সেতুর ঢাকামুখী লেনে দুপুর ১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত মেরামতকাজ করা হবে। এ সময় ঢাকামুখী যানবাহন এক লেনে চলাচল করবে।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ পরিস্থিতিতে যাত্রী ও চালকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে ভ্রমণের জন্য অনুরোধ করেছে হাইওয়ে পুলিশ। একই সঙ্গে সাময়িক এই পরিস্থিতির তথ্য দ্রুত জনসাধারণের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
একেএস/এমআর




