ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া বোরহান উদ্দিন (৭৫) নামে এক কয়েদির ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সোয়া ১২টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
কারারক্ষী সুজন আহমেদ জানান, কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে বোরহান উদ্দিনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তাকে মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, বোরহান উদ্দিন কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তার কয়েদি নম্বর ২৯১১/এ। তিনি কিশোরগঞ্জ জেলার কোতোয়ালি থানার কাটিয়ারচর এলাকার মৃত মুনসুর আলীর ছেলে। তবে কোন মামলায় তিনি কারাবন্দি ছিলেন, সে বিষয়ে কারারক্ষী কোনো তথ্য দিতে পারেননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে বোরহান উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমআর/এএস




